ঢাকা সিটি করপোরেশন নির্বাচন (উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৭ এপ্রিলের আগে প্রচার-প্রচারণা চালালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন আগে অর্থাৎ ৭ এপ্রিলের আগে প্রচার চালানো যাবে না। কমিশন অনুমতি দিলে ৭ এপ্রিলের পরে প্রচার-প্রচারণা চালানো যাবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।

ইআর