অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে কারাভোগ শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তে পতাকা বৈঠকে মাধ্যমে ভারতীয় ওই নাগরিককে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। দন্ডিত ভারতীয় নাগরিক আব্দুল আনছারী (৪০) ভারতের মালদহ জেলার গাজল থানার পানডোয়া গ্রামের মৃত হাবলু আনছারীর ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা ক্যাম্পের ইনচার্জ সুবেদার রবিউল আলম জানান, ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আব্দুল আনছারী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিতলমারি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
পরে সে ধরা পড়ে বিজিবির হাতে। তাকে মামলা দায়েরসহ থানায় সোপর্দ করা হয়। কারাদন্ড ভোগ শেষে আব্দুল আনছারীকে সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করে ভারতে ফেরত পাঠানো হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন দর্শনা বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার রবিউল আলম ও দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা শাহবুল হক।
ভারতের পক্ষে পতাকা বৈঠকে অংশ নেন বিএসএফ গেদে ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জেসি পান্ডা, ইমিগ্রেশন কর্মকর্তা বিজেন রায় ও এস আই জীবন শর্মা।
এসএইচ





