সম্প্রতি এ অনলাইন সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম।
তিনি জানান, বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট ভিসা নিতে আগ্রহী বিদেশি যাত্রীরা এখন অনলাইনেই আবেদন করতে পারবেন। এ জন্য একটি কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় ফরম পূরণ করতে হবে।
নতুন ব্যবস্থায় বিমানবন্দরে পৌঁছানোর আগেই ভ্রমণকারীরা অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করার সুযোগ পাবেন।
এর আগে অন অ্যারাইভাল ভিসার জন্য বিদেশি যাত্রীদের বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরের নির্ধারিত কাউন্টারে গিয়ে আবেদন করতে হতো। এরপর আবেদনকারীর তথ্য যাচাইসহ বিভিন্ন প্রক্রিয়ায় সময় লাগত। ফলে পুরো প্রক্রিয়াটি তুলনামূলক দীর্ঘ হয়ে যেত।
ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম বলেন, অনলাইন ব্যবস্থাচালুর ফলে ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। এতে বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের অপেক্ষার সময়ও কমে আসবে।
এনএইচ