ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নৌকাডুবিতে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন ও আরও ছয় জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের সবার বাড়ি রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেট গ্রামের বলে জানা গেছে।
নিহতরা হলেন- সুমি (১৪), সাজেদা (২৬), রিনা আক্তার (২০) ও অজ্ঞাত এক নারী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ থেকে সরকারের পক্ষ থেকে দেয়া বিশেষ ভিজিএফ চাল নিয়ে বাড়ি ফেরার পথে বড়বিলা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দু'জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দু'জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।
৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী জানিয়েছেন, ‘নৌকাডুবির ঘটনায় আমরা পাঁচটি লাশ উদ্ধার করেছি। আর ৬ জন নিখোঁজ রয়েছেন।’
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





