আট বছর পর রাজশাহী থেকে পাখা মেললো পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ‘মেঘদূত’। 

মঙ্গলবার বিকেল ৫টা ৫৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ‘মেঘদূত’ রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহ:) বিমানবন্দর ছেড়ে যায়। ৭৪ আসনের ড্যাশ-৮-কিউ-৪০০ মডেলের উদ্বোধনী ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ৪৪ জন। উদ্বোধনের পর বিকেল ৪টা ২৫ মিনিটে মেঘদূত উড়ালের কথা ছিলো। তবে চলতি মৌসুমের দ্বিতীয় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে যাত্রা বিলম্বিত হয়।

এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে অবতরণের পর চারটায় ফিতা ও কেক কেটে বিমানের ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিমান বাংলাদেশের রাজশাহী জেলা ব্যবস্থাপক একে বড়ুয়া, হযরত শাহ্ মখদুম (রহ:) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান প্রমুখ।

উদ্বোধনীতে মন্ত্রী বলেন, এখন থেকে শুক্র, রবিবার ও মঙ্গলবার রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে বিমানের ফ্লাইট। রাজশাহীবাসী এখন থেকে ২৭০০ টাকায় বিমানে ঢাকা যেতে পারবেন। ভবিষ্যতে বিমানের যাত্রী সংকট মোকাবেলায় সংশ্লিষ্টদের সজাগ থাকার আহবান জানান তিনি।

উদ্বোধনীতে জানানো হয়, সম্প্রতি ইজিপ্ট এয়ার থেকে ময়ূরপঙ্খি ও মেঘদূত ভাড়া নিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এখন থেকে বিমান দুটি প্রতি সপ্তাহে রাজশাহী ও সৈয়দপুরে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইট চলবে কক্সবাজার, চট্টগ্রাম, যশোহর ও বরিশাল রুটেও।

এর মধ্যে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বিমান ছাড়বে দুপুর ২টা ১৫ মিনিটে, বিকেল ৩ টায় রাজশাহী পৌঁছুবে। আবার রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট ছাড়বে বিকেল ৩টা ২৫ মিনিটে। ঢাকায় পৌঁছুবে বিকেল ৪টা ১০ মিনিটে।

উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। পরে লোকসানের অজুহাতে তা বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বেসরকারী এয়ারলাইন্স এই রুটে যাত্রী পরিবহণ করে। সর্বশেষ চলাচলকারি ইউনাইটেডের এয়ারলাইন্সের ফ্লাইটও বিগত তিনমাস যাবত বন্ধ রয়েছে। মাঝে ২০১০ সালে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান বৈমানিক তৈরীর প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি যাত্রী পরিবহণের উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি।

জেআই