আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর নানামুখী চেষ্টার পরও থেমে নেই ছিনতাই। প্রতিদিনই রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে নিরীহ মানুষ আহত হচ্ছে। খোয়াচ্ছে সর্বস্ব।
রাতে বাইরে থাকা শ্রমজীবী মানুষ এ ধরনের হামলার শিকার হচ্ছে বেশি। তবে সম্প্রতি দিবালোকেই বড় বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিন্তু ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কাজে আসছে না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, গত বছরের এপ্রিল মাসে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা হয় ২৩টি। মে মাসে হয়েছে ১৯টি। এবং গত জুন মাসে মামলা হয়েছে ৩৪টি।
চলতি বছরের হিসেবে, গত এপ্রিলে থানায় ছিনতাইয়ের অভিযোগ ছিল ২০টি। মে মাসে ২৭টি। তবে চলতি মাসে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশংকাজনক হারে। চলতি মাসের গত ২৪ দিনে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কমপক্ষে পৌনে এক শ’।
এ হিসাবে প্রতিদিন গড়ে ৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অথচ কোনো সুষ্টু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিতকরণ এবং লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারে নি পুলিশ।
পুলিশের হিসাবেও গত বছরের তুলনায় এ বছর ছিনতাই বেড়েছে। এব্যাপারে পুলিশের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশের পরিসংখ্যানের চেয়ে বাস্তবতা অনেক বেশি। শুধু থানায় এজাহার দায়ের হলেই পুলিশের খাতায় ছিনতাইয়ের পরিসংখ্যান উঠে আসে। এর বাইরে কোনো তথ্য নেই পুলিশের পরিসংখ্যানে।
অবশ্য ভুক্তভোগী ও বেসরকারি হিসাবে, গত এক মাসে ছিনতাই হয়েছে একশ’টিরও বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন মাসে ছিনতাইকারীদের হাতে আহত অন্তত ৮০ জন রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।
পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে ডিএমপি পুলিশ কর্তৃক রাজধানীতে যে ধরণের নিয়ন্ত্রণমূলক তল্লাশী বাড়ানোর কথা থাকলেও তা এখনো পরিলক্ষিত হয় নি।
এব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান টাইমনিউজকে বলেন, ডিএমপি’র পক্ষ থেকে তল্লাশি চৌকি ও টহল কার্যক্রম জোরদার করার এবং পুলিশ ক্যাম্প ও ফাঁড়িগুলোকে সক্রিয় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তবে বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কমে গেছে। রাতে কোথাও টহল চললেও দিনেই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। খোঁজ নিয়ে এ অভিযোগের সত্যতাও মিলেছে।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে ফিল্মি স্টাইলে দিবালোকে একটি প্রাইভেট কার আটকিয়ে পাঁচজনকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। আহতরা হলেন ব্যবসায়ী জাহাঙ্গীর, মাল্টিপ্ল্যান নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা জাকারিয়া (৩৫) ও শামসুর রহমান (৪৫), গাড়িচালক আকতার হোসেন (৩৩) এবং আনসার সদস্য বেল্লাল হোসেন (৩০)।
মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর একটায় কল্যাণপুর বিআরটিসির বাসস্ট্যান্ডের সামনে দু’টি মোটরসাইকেলযোগে আসা পাঁচ অস্ত্রধারী সন্ত্রাসী একটি প্রাইভেট কারের গতিরোধ করে। সন্ত্রাসীরা প্রাইভেট কারের আরোহীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে একটি ব্যাগে থাকা ৩০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে একই দিন দুপুরে শ্যামলীতে রাকিব আল মামুন (২৭) নামে এক প্রকৌশলীকে গুলি করেছে সন্ত্রাসীরা। দুপুর সোয়া ২টায় মোহাম্মদপুর থানাধীন শ্যামলীর ৫ নম্বর রোডের ১৪৩/ক নম্বর ভবনের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা রাকিব আল মামুন নামে এক প্রকৌশলীকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তার বুকে ও ঊরুতে দুই রাউন্ড গুলি লাগে।
আহত রাকিব শ্যামলীতে অবস্থিত একটি ডেভেলপার কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর এলাকায়।
গত সোমবার দুপুর ২টার দিকে পুরান ঢাকার ইসলামপুরে দিনে-দুপুরে বিল্লাল হোসেন মজুমদার নামে একজন ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইসলামপুর শাখা থেকে ১০ লাখ টাকা ওঠানোর পর বিল্লাল হোসেন মজুমদার আরেকটি ব্যাংকে জমা দেয়ার জন্য ইসলামপুর রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় মোটরসাইকেল আরোহী তিনজন যুবক মাদার তেরেসা চ্যারিটেবল মিশনের সামনে বিল্লালের গতিরোধ করে তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালালে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার বাম পায়ে পিস্তল ঠেকিয়ে এক রাউন্ড গুলি করে। পরে তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।
একই দিন রামপুরার উলন রোডে এক বিকাশকর্মীকে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার ৪ দিন আগে ১৯ জুন বৃহস্পতিবার বিকালে কামরাঙ্গীরচরের পারফেক্ট হেবিটেড-২ নামের একটি বিকাশ এজেন্টের কর্মচারী জনি ও এলিন ৩৩ লাখ টাকা নিয়ে লালবাগের নবাবগঞ্জ ব্র্যাক ব্যাংকের উদ্দেশে রওনা হন। ব্র্যাক ব্যাংকটি নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ৫০ গজ দূরে। জনি ও এলিন পায়ে হেঁটে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭-৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তারা চিৎকার করলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনার দুই দিন পর হানিফ (২৯) নামের একজন ছিনতাইকারীকে হাজারীবাগ থানা পুলিশ গ্রেফতার করলেও উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকা।
অন্যদিকে রাজধানীর উত্তরার ১১ নং সেক্টর থেকে রবি বিকাশের (বিএম) মাহমুদুল আলম শাহিন (৩২) নামে এক কর্মীর উপর গুলি চালিয়ে প্রায় ১১ লক্ষাধিক টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা। ২৩ জুন রোববার সকাল সাড়ে ১০টার দিকে দু'টি মোটরসাইকেলে করে পাঁচজন ছিনতাইকারী শাহিনের কাছ থাকা নগদ ১১ লাখ ৩৭ হাজার ৮ শত টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
অপরদিকে গত ৮ জুন ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন রাস্তা থেকে রুহুল আমিন নামে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে ২৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিএমপি ৪৪৪টি স্থান চিহ্নিত করে ছিনতাই প্রতিরোধে নির্দেশিকা প্রকাশ করে। ডিএমপি সদর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন ওই তালিকা হালনাগাদ করা হলেও তালিকার বাইরে থাকা অনেক স্থানেও ছিনতাই হচ্ছে।
এব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) মীর রেজাউল আলম বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় পুলিশ উদ্বিগ্ন। চলতি মাসে কয়েকটি বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তারপরও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে তল্লাশি চৌকিও বসনো হচ্ছে। তবে তল্লাশি চৌকি বেশির ভাগই রাতের জন্য। রমজানে পুরো রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





