ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবকটি ভোটকেন্দ্রের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগ। এই এলাকার প্রতিটি কেন্দ্রের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে।
এসব কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের এজেন্টদের প্রবেশ করতেই দেয়া হয়নি।। শুধু তাই নয় সাঈদ খোকনের সমর্থকরাই মগ প্রতীকের এজেন্ট সেজে ইলিশ মার্কায় জাল ভোট দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রটিতে চলছে জাল ভোটের মহোৎসব। এখানে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের একজন এজেন্টও নেই। ছাত্রলীগ মগ প্রতীক এজেন্টদের বের করে দিয়ে খোকনের সমর্থকরাই মগ প্রতীকের এজেন্ট সেজে ইলিশ মার্কায় জাল ভোট দিচ্ছে।
শহীদুল্লাহ হলের পেশ ইমাম হাফেজ লোকমান জানান, তাকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের ছেলেরা। তিনি সকাল সাড়ে আটটার দিকে ভোট দিতে গিয়েছিলেন।
ছাত্রলীগ কর্মীরা তাকে জিজ্ঞেস করে আপনি কিসে ভোট দেবেন? জবাবে তিনি বলেন কিসে ভোট দেবো না দেবো তা আমার বিষয়। আমি কাউকে বলবো না। তখন ছাত্রলীগ কর্মীরা বলেন, আপনি চলে যান, আপনার ভোট দেয়া লাগবে না। এরপর তাকে বের করে দেয়া হয়।
হাফেজ লোকমানের মতো আরো অনেক ভোটার একই ধরনের অভিযোগ করেছেন। ভোটাররা জানান, তাদেরকে ভোট প্রদানে বাধা দিচ্ছে ছাত্রলীগের কর্মীরা।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মামুন আহমেদ বলেন, এটি ভোট নয়, প্রহসন। ভোটের আয়োজন আছে, কিন্তু সঠিক ভাবে ভোট দেয়ার আয়োজন নেই। প্রতারণা করার সুযোগ অবারিত।
কেএইচ





