সিলেট নগরীর হাওলাদারপাড়ার ৫৭/৩ নং বাসা থেকে এক যুক্তরাজ্য প্রবাসীর ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।

মৃত হাসান আহমদ (২২) সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মাওলানা আবদুল করিমের ছেলে। মাকে নিয়ে ওই বাসায় থাকতেন হাসান।

হাসানের মা হাফছা বেগমের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্যার পর থেকে হাসান তার নিজ কক্ষে ঘুমাচ্ছিল।

রাত ১০টার দিকে তাকে অনেক ডাকাডাকির পরও সে দরজা খুলেনি। পরে পার্শ্ববর্তী বাসার লোকজন ডেকে এনে ঘরের দরজা ভেঙে সিলিংয়ের সঙ্গে হাসানের ঝুলন্ত লাশ দেখতে পান হাফছা বেগম।

পরে স্থানীয়রা বিষয়টি জালালাবাদ থানায় জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আক্তার হোসেন।

এমকে