রাজধানীর গোড়ানের একটি বাসা থেকে বুধবার রাতে রাজিয়া সুলতানা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোড়ানের ওই বাসাটি পুলিশের সাবেক জ্যেষ্ঠ সহকারী কমিশনার আমির হোসেন পাটোয়ারীর বাসা। আর রাজির সুলতানা তাঁর পুত্রবধূ।
খিলগাঁও থানার পুলিশ জানায়, ১১ মাস আগে আমির হোসেনের ছেলে আবির হোসেনের সঙ্গে রাজিয়া সুলতানার বিয়ে হয়।
আবির হোসেন ব্লাড ক্যানসারে আক্রান্ত। বিয়ের পর রাজিয়াকে তাঁর শ্বশুর বাড়িতে আনা হয়। আগামী ২২ ফেব্রুয়ারি রাজিয়াকে আনুষ্ঠানিকভাবে তুলে আনার কথা।
সন্ধ্যায় আমির হোসেন ও তাঁর স্ত্রী পুত্রবধূ রাজিয়াকে বাসায় রেখে কেনাকাটা করতে যান। আবির বাসার বাইরে ছিলেন। রাতে গৃহকর্মী চাবি দিয়ে তালা খুলে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।
তার পা মেঝেতে স্পর্শ করা ছিল। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান রাতে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এএস





