আটক নেতাকর্মীদের মুক্তি, হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট বগুড়া শহর। এতে নেতৃত্ব দেন জোটে জেলা শাখার আহবায়ক ও বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলামে।

রোববার সকাল সাড়ে ৯টায় শহরের শেরপুর রোডের মফিজ পাগলার মোড়ে সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি পিটিআই মোড় ঘুরে আবারো শেরপুর রোড হয়ে ইয়াকুবিয়া মোড় হয়ে গোহাইল রোডে গিয়ে শেষ হয়।

সমাবেশে ভিপি সাইফুল ইসলাম বলেছেন, স্বৈর শাসনের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক কোনো আন্দোলন কখনও বৃথা যায়নি, এটা যুগে যুগে দেশে দেশে প্রমাণিত। তেমনি বিএনপি জোট গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রেখেছে, সফলতা আসবেই।

তিনি বলেন, গণতন্ত্রের প্রতি সম্মান দেখালে অনেক আগেই সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতো। কিন্তু তারা গণতন্ত্রের প্রতি কুঠারাঘাত করে ক্ষমতায় জোর করে থাকতে চায়। তারা বিরোধী জোটের নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপর জুলুম, নির্যাতন, গ্রেপ্তার, মামলা হামলা চালিয়ে কখনও ক্ষমতায় থাকতে পারবে না, তাদের করুন বিদায় হবে। দেশবাসীসহ সারাবিশ্ব সে বিদায় দেখার অপেক্ষায় আছে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন এলডিপির সাধারণ সম্পাদক নাজির হোসেন, জেলা জাগপার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুল হামিদ বেগ প্রমুখ।

এআর