ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৭ নভেম্বরের সমাবেশে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে বিএনপি ও ছাত্রদলের ৬ কর্মী। তাদের একজনকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি ভাটই বাজারে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, স্কুল মাঠে কয়েক হাজার কর্মী-সমর্থক যোগ দেয় ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে। কিন্তু ভাটই স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতাকর্মী অতর্কিতভাবে তাদের সমাবেশে হামলা করে।

এতে আহত হয় ছাত্রদল-যুবদলের কর্মী শফিকুল ইসলাম, মিরাজ হোসেন, আনিছুর রহমান, স্বপন, শামিম, মুক্তারসহ বেশ কয়েকজন।

উপজেলা বিএপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আব্দুল ওহাব জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তিনি এঘটনার তীব্র নিন্দা জানান ও দোষীদের গ্রেফতার দাবি করেন।

এদিকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন সোনা দাবি করেন, তাদের দলের কোন নেতা-কর্মী এ হামলা বা সংঘর্ষের সঙ্গে জড়িত নয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, বিচ্ছিন্নভাবে কোনো সংঘর্ষ হলে তো তার দায় পুলিশ নিতে পারে না।

জেএ