‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকেলে খুলনা প্রেসক্লাবে শেষ হয়েছে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার এ কর্মশালা শুরু হয়।
খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুক আহমেদ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।
বক্তৃতা করেন পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম। স্বাগত বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় পিআইবির মহাপরিচালক বলেন, সমাজে ভীতি সৃষ্টি করে এবং নেতিবাচক প্রভাব পড়ে এমন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকা উচিৎ। সংবাদপত্রের নীতিমালা অত্যন্ত জরুরি ছিলো। সম্প্রতি এ নীতিমালা চূড়ান্ত হয়েছে। নীতিমালার কারণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সঠিক গতিপথে চলতে পারবে।
অনেকে না জেনে না বুঝে এ নীতিমালার সমালোচনা করছেন উল্লেখ করে এটি পড়ে এবং বুঝে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণ কর্মশালায় খুলনায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পত্রিকার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন খুলনা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





