আশুলিয়ার ভাঁদাইল এলাকা থেকে কামরুজ্জামান (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোরে আশুলিয়ার দক্ষিণ ভাঁদাইল এলাকার জনৈক জাহাঙ্গীরের বাড়ির সামনে একটি কাঁঠাল গাছে লাশটি ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত মো. কামরুজ্জামান (৩০) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গোবিন্দ পাড়ার আব্দুস সামাদের ছেলে। সে জনৈক জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থেকে বাজারে কাঁচামালের ব্যবসা করত।
এলাকাবাসীরা জানায়, পারিবারিক কলহের জেরে কামরুজ্জামান আত্মহত্যা করে থাকতে পারে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, যে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেই উচ্চতা থেকে আদৌ ফাঁসি নেয়া সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই সেটি পরিষ্কার হবে বলেও জানান তিনি।
এআই





