দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদাসহ ১০ দফা দাবিতে ঝিনাইদহের সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাকলাপাড়া আইএইচটির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেন।

এ সময় কার্যালয়ের প্রধান ফটকে ঢুকতে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী নুরুল আফসার সবুজ, অমিত কুণ্ডু, ওমর ফারুক, মোহাম্মদ রাব্বি, মাইনুল ইসলাম, আসাদুল হক, আবদুল কাইয়ুম, জহিরুল ইসলাম, রুথ চৌধুরী, জান্নাত আরা, প্লাটিনাম জুবলী, ফয়সাল আহমেদ, সাইফুল ইসলাম, বাদল হোসেন ও লিয়ন হোসেন।

এসময় দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা প্রদান, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

সিভিল সার্জন মো. আবদুস সালাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করলে আধা ঘণ্টা অবস্থান শেষে প্রতিষ্ঠানে ফিরে যান শিক্ষার্থীরা।

জেআই