শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) উচ্চ পর্যায়ের সহযোগিতার একটি প্লাটফর্ম। এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে লাভবান হবে।  

রোববার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল গার্ডেনিয়ায় আয়োজিত ‘বেল্ট এন্ড রোড: তুলনামূলক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান’শীর্ষক সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়ে তিনি এইসব কথা বলেন। সম্মেলনের আয়োজক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শিল্পমন্ত্রী বলেন, আমরা বিআরআই-এ যোগ দিয়েছি। এর মাধ্যমে আমরা লাভবান হবো। এ উদ্যোগে যোগ দেয়ায় বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগসহ নানা বিষয়ে সহযোগিতা বাড়বে।

প্রথম অধিবেশনে সিপিডির চেয়ারম্যান রহমান সোবহান বলেন, চীন বর্তমানে বিশ্ববাণিজ্যের নেতৃত্বে আছে। এর সঙ্গে অন্য দেশের সমন্বয় করে চলতে হবে। এটি এখন বিশ্ব অর্থনীতির নতুন ব্যবস্থা। এটা যেন উপনিবেশবাদের মতো না হয়, এটা যেন অংশীদারত্বের ভিত্তিতে হয়। এতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সুযোগ আরও বাড়বে।

পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, “বর্তমানে বিশ্ববাণিজ্যে ইন্দো-প্যাসিফিক, ইউরো-এশিয়া ও বিআরআই উদ্যোগ আছে। আমরা সব উদ্যোগের সঙ্গে যাব। কোনো ক্ষতিকর কিছুর সঙ্গে থাকব না। যখন আমরা এসব নিয়ে দর-কষাকষি করব, তখন জাতীয় স্বার্থকে প্রাধান্য দেব।”

সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর এলাহী বলেন, “আমরা বাজার চাই, এটা সত্য। কিন্তু সবকিছু যাচাই-বাছাই করে নেওয়া উচিত।”

সেমিনারের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন চীনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, চীনের ইউনান অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক চেং মিন, ভারতের রির্সাচ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিসের মহাপরিচালক ড. শচীন চতুর্বেদী, সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মঞ্জুর ইলাহী, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

এমবি