ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মেহেরপুর গাংনী শহরের অদূরবর্তী হলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একই পরিবারের চার জন্য রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
আহতরা হলেন- গোপালনগর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী মেরিনা খাতুন (৩৫), মেরিনার মা আছিয়া খাতুন (৫৫), মেরিনার ছেলে রনি (১০), মেয়ে মার্জিয়া (৮) ও ভ্যান চালক সদর উপজেলার শ্যামপুর গ্রামের আতাহার আলীর ছেলে তুফান মিয়া (৩০)।
জানা গেছে, বিকেলে মেরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে তার মা ও ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পিতার বাড়ি গাড়াডোবের উদ্দেশে রওয়ানা দেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী হলপাড়ায় পৌঁছলে ভ্যানের এক্সেল কেটে যায়। এতে ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যান উল্টে চালকসহ চার যাত্রী সড়কের উপরে ছিটকে পড়ে আহত হন। তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে গুরুতর আহত মেরিনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
তার মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এআই





