চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাঁকোপাড়া এলাকায় এক মর্মান্তিক ট্রলি দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোঁজ-খবর নেয়া ও স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
গতকাল (১৯ নভেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার-সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত হয়েছে ও ৩ জন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে এবং আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনায় নিহত ও আহতদের বাড়িতে ছুটে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি নিহত ও আহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহমর্মিতা জ্ঞাপন এবং সান্ত¡না প্রদান করেন। এ সময় তিনি নিহতদের কবর যিয়ারত করেন। তিনি স্বজনদের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন এবং নিহত ব্যক্তিবর্গের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন।
কেন্দ্রীয় নায়েবে আমির নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং উপস্থিত লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।
এ সময় কেন্দ্রীয় নায়েবে আমিরের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির মাওলানা আবু জার গিফারী, শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইউনুস আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হকসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মী এবং নিহতদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





