কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সে আক্রান্তচারজন রোগীকে সনাক্ত করা হয়েছে। তারা হলেন, উপজেলার মালিথাপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে খৈয়ম (২২), নবীর মালিথার ছেলে ফরজুল (৩৫), দবির মালিথার ছেলে ভাষান (৩৩) ও তার স্ত্রী রেক্সেনা (২৩)।
অ্যানথ্রাক্সে আক্রান্ত আবু খৈয়ম জানান, ১৫/১৬ দিন আগে একটি অসুস্থ গরু জবাই করে তাঁরা গরুটির মাংস খায়। এরপর থেকে শরীরের বিভিন্ন অংশে চুলকানির পর ঘা হয়ে যায়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, গোয়ালগ্রাম এলাকার খৈয়ম নামে এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দেখা গেছে যে, সে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে।
পরে ওই গ্রামে এ পর্যন্ত চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে মেডিকেল টিম গঠন করে ওই এলাকায় অ্যানথ্রাক্সে আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে বলে তিনি জানান।
তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম এ ব্যাপারে কিছু জানেন না বলে জানায়।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





