২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল’ জারি হতো।  তিনি আরও বলেন, আগে উত্তরবঙ্গে জঙ্গি ছিল বাংলা ভাই। এখন বাংলা ভাই নেই, আছে খালেদা জিয়া। বর্তমানে দেশের একমাত্র জঙ্গি খালেদা জিয়া।

শনিবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি পেট্রোলবোমা মেরে ২শ মানুষকে হত্যা করেছে। অগ্নিদগ্ধ মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে বার্ন ইউনিটের বাতাস। তারা ইলেকশন-ইলেকশন করছে, কিন্তু ২০১৯ সালের একদিন আগেও ইলেকশন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদাকে গণভবনে চায়ের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তখন তিনি আসেননি। এখন সংলাপের কথা বলছেন।

খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, আপনারা সিটি নির্বাচনে আসুন। সেখানে যে ফলাফল হবে তা আমরা মেনে নেব।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিক্যাল কলেজে প্রয়োজনীয় পদ সৃষ্টি ও শূন্যপদ পূরণে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়া তিনি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একটি পরিবহণ বাস ও একটি অ্যাম্বুলেন্স এবং অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।

এর আগে ফিতা কেটে স্বাস্থ্যমন্ত্রী অন্যান্য অতিথিকে নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের এমপি স ম জগলুল হায়দার, সংরক্ষিত আসনের এমপি রিফাত আমিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ, বিএমএ ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. ইকবাল আর্সানাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেন আহমেদুল কবীর, পিএসসি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. এসজেড আতীক।

জেআই