রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এ মামলায় রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ এপ্রিল দিন ঠিক করে দেন।
আসামি রনি মামলা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করেছিলেন, তা নাকচ করে দেন বিচারক।
রনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেন।
আদালতে আসামিরপক্ষে ছিলেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু; রাষ্ট্রপক্ষের ছিলেন এস এম জাহিদ সরদার।
গতবছর ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে আবদুল হাকিম নামের এক রিকশাচালক এবং ইয়াকুব আলী নামের এক অটোরিকশাচালক আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতবছর ৩১ মে ঢাকার এলিফেন্ট রোডে মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খানের বাসা থেকে তার ছেলে বখতিয়ার আলম রনিকে আটক করে।
তদন্ত শেষে ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই দীপক কুমার দাস।
কালো রঙের যে প্রাডো গাড়ি থেকে গুলি ছোড়া হয়েছিল, তা সংসদ সদস্য পিনু খানের বলে গণমাধ্যমের খবর আসে সে সময়। সেদিন রনির সঙ্গে ওই গাড়িতে ছিলেন তার বন্ধু কামাল মাহমুদ, যিনি হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, মাতাল অবস্থায় থাকা রনি যানজটে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে বিরক্ত হয়ে এলোপাতাড়ি গুলি চালান।
এআইজে





