দিনাজপুরের হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে বিটন নাথ (৩০) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

হাকিমপুরের হিলি সীমান্তে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিটন ভারতের হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে। সে চোরাকারবারী বলে বিজিবি সূত্রে জানা গেছে।

হিলি বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল ইসলাম জানান, একটি মালবাহী ট্রেন হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাট যাওয়ার সময় সীমান্তের ২৮৪/২৭ ও ২৮ নং পিলারের কাছে পৌঁছালে বিটন নাথ চলন্ত ট্রেনে চোরাচালানী পণ্য ওঠানোর চেষ্টা করেন।

এসময় মো. রাসেল নামে দায়িত্বরত এক বিজিবি সদস্য তাকে আটকের চেষ্টা করেন। বিটন নাথ নিজের পিস্তল দিয়ে রাসেলকে গুলি করতে উদ্যত হন এবং অন্য ভারতীয় চোরাকারবারিরা পাথর ছুড়ে মারে।

এতে মো. রাসেল আহত হন। একই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোঁড়েন। এর জবাবে বিজিবি সদস্যরাও ৫ রাউন্ড গুলি করেন। এসময় বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে হিলি বিওপিতে নিয়ে আসেন।

ঘটনাস্থল থেকে ২৫টি ভারতীয় শাড়ি ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সীমান্তে উভয় পক্ষের অতিরিক্ত শক্তি মোতায়েন রয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।

বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে