বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের মূলিবাড়ি রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
রোববার ভোর ৫টার দিকে সদর উপজেলার মূলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে সেতু বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে সৈয়দপুরগামী সাব্বির পরিবহণের একটি বাসের সঙ্গে রাজশাহী থেকে ঢাকাগামী আজাদ পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ ঘটনাস্থলেই মারা যায় ১২ জন। এতে উভয় বাসের অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শহরের মেডিনোভা হাসপাতাল, কমিউনিটি হাসপাতাল, আবিসিনা হাসপাতাল, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল ও সেন্ট্রাল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদুল ইসলাম জানান, সকাল ৭টা পর্যন্ত সদর হাসপাতালে ১৪টি লাশ পৌঁছেছে এবং ২৫ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদ পেয়ে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার লে. কমোডর মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে। আহতরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান, সে বিষয়টি মনিটরিং করা হচ্ছে।
এমকে





