কুষ্টিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ইবি থানার মাছপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে ছাদিয়া আক্তার ছন্দা (১৫), তার মামা আব্দালপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও কুমারখালি উপজেলার ফজলু (৫০) নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুট্টাবোঝাই একটি ট্রাক কুষ্টিয়া শহরের দিকে আসছিল। এ সময় কুষ্টিয়া শহর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মহাসড়ক দিয়ে শহরের চৌড়হাসের দিকে যাচ্ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে ইজিবাইকটি আরেকটি ইজিবাইককে অতিক্রম করতে ট্রাকের সামনে মুখোমুখি হয়। এ সময় ট্রাকের গতি থাকায় জোরে ব্রেক করলে সড়কের ডান পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে ইজিবাইক চাপা পড়ে। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি উদ্ধারের পর নিচ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।
গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত ইজিবাইকের চালককে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকে থাকা ভুট্টার বস্তা সড়কে পড়ে গেলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় বস্তা সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার পৌনে ছয়টার সময় ভুট্টা বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই সড়কে থাকা একটি অটোরিকশা ট্রাকের চাপায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ট্রাকটি সরিয়ে নিহতদের লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সড়ক দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
সবুজ/ এআই





