জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের দরিদ্র সাধারণ মানুষ ও শ্রমজীবি মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্ট পাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে একদিকে শীত বাড়ছে, অন্য দিকে শীতবস্ত্র না থাকায় এসব দরিদ্র লোকদের মধ্যে ঠান্ডাজনিত কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় শীত নিবারণের জন্য দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা অতিব জরুরি হয়ে পড়েছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই কর্তব্য বলে মন্তব্য করেন তিনি।

আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০১৯) সকালে খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খিলগাঁও পশ্চিম থানা আমীর এস এম জুয়েল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ ফরিদুল ইসলাম। খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি এম ইলিয়াস মৃধা থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইঞ্জিঃ আবদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

ড. মাসুদ দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার জন্য সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সংগঠন ও দানশীল বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি আহ্বান জানান।

ড. মাসুদ আরও বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে সব সময়ই এসে দাঁড়িয়েছে। গণমানুষের প্রতি সে দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি শীতার্ত ও দুর্গত মানুষের দুর্দশা মোকাবেলায় সরকার, বিভিন্ন সংস্থা ও সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

ঢাকা মহানগরী উত্তরের শীতবস্ত্র বিতরণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, মৌসুমী শৈতপ্রবাহ পরিস্থিতি আবারও অবনতি হতে শুরু করেছে। ফলে নগর জীবন নতুন করে বিপর্যস্ত হতে শুরু করেছে। বিশেষ করে নিন্ম আয়ের মানুষরা প্রয়োজনীয় শীতবস্ত্র ও নিরাপদ আশ্রয়ের অভাবে খুবই কষ্ট পাচ্ছেন। আমরা শীতার্ত মানুষের সাথে সহানুভূতি প্রকাশের জন্যই যৎসামান্য সাহায্য নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। যা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল।

কারণ, আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। আশা করি আপনারা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে ইতিবাচক দৃষ্টিতেই দেখবেন। তিনি দুর্গত মানুষের দুর্দশা লাঘবে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তিনি আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০১৯) রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান থানার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন উত্তরখান থানা আমীর মুস্তাকিম আলম, জামায়াত নেতা মোহাম্মদ আলী, ডা. হাবীবুর রহমান ও নজরুল ইসলাম শহীদ প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, খড়া, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছাস, ঘুর্ণিঝড়, শৈতপ্রবাহ আমাদের নিত্যসঙ্গী। ভৌগলিক ও আবহাওয়াগত কারণেই এসব প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদেরকে প্রতিনিয়তই মুখোমুখি হতে হয়। মূলত মৌসুমী জলবায়ুর প্রভাবেই এসব হয়ে থাকে। তাই এসব প্রাকৃতিক দুর্যোগ সহনীয় পর্যায়ে রাখতে হলে প্রাক প্রস্তুতি নেয়া আবশ্যক। কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রীয় উদাসীনতা দুঃখজনক।

এমতাবস্থায় শীত নিবারণের জন্য দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা জরুরি হয়ে পড়েছে। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।