গাজীপুরের টঙ্গীর মিলগেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঝুটের দোকান ভস্মিভূত হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় দোকানে থাকা বিভিন্ন ঝুট ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস টঙ্গীর স্টেশন অফিসার মো. সেলিম জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিলগেটে ঝুট গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

এতে দোকানের ভেতরে থাকা বিভিন্ন ঝুট ও অন্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তিনি।

স্টেশন অফিসার মো. সেলিম আরো জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এআর