চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস। আজ (শনিবার) সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বেলা ১১ টায় বরিশাল জেলা স্কুলে আবদুর রহমান বিশ্বাসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয়, হাইকোর্টে বিকাল ৩টায় এবং গুলশান আজাদ মসজিদে শেষ তার জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৮টা ৪০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এইরাষ্ট্রপতি।
১৯৯১ সালে বিএনপি সরকারের সময় আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ১৯৯৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
আবদুর রহমান বিশ্বাস: দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের শায়েস্তাবাদে ১৯২৬ সালে ১ সেপ্টেম্বর আবদুর রহমান বিশ্বাস জন্ম গ্রহণ করেন। বরিশাল শহরেই তিনি স্কুল ও কলেজজীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি আইন বিষয়ে অধ্যয়ন করেন।
আবদুর রহমান বিশ্বাস ১৯৫০-এর দশকে আইন পেশায় যোগদান করেন। তিনি ১৯৬২ এবং ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হন।
সাবেক এই রাষ্ট্রপতি ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত পূর্ব পাকিস্তানের সংসদীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ২২তম অধিবেশনে যোগদান করেন। তিনি ১৯৭৪ এবং ১৯৭৬ সালে দুবার বরিশাল বার সমিতির সভাপতি নির্বাচিত হন।
১৯৭৭ সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সালে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং ১৯৮১-৮২ সালে বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪ এপ্রিল ১৯৯১ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি একই বছরে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ১৯৯৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেন।
এমবি





