দেশে দুর্নীতি বন্ধের পথ জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সকালে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনের সময়ে সাংবাদিকরা টিআইবির রিপোর্ট সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী এ কথা জানান।

মুহিত বলেন, আমার ধারণা ছিল- সরকারি অফিসে স্বল্প বেতনের কারণে দুর্নীতি হতো। সাধারণত দেখা যায়- মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে দুর্নীতি কমে। সেই ধারণার ভিত্তিতেই পাঁচ বছর আগে ৬২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। এ পরিমাণ বেতন বৃদ্ধি সম্ভবত বিগত ৪০ বছরেও হয়নি। বেতন বাড়ানোর পরও দুর্নীতি কমেছে, এটা বলা যাবে না- এক্ষেত্রে বিষয়টি দুঃখজনক।

তিনি বলেন, আমি জানি না- দুর্নীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। দুর্নীতি কমাতে অর্থনৈতিক অবস্থা আরো ভালো হওয়া দরকার বলেও মনে করেন মুহিত।

তিনি বলেন, দেশে দুর্নীতি কমাতে জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ কারণেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে।

জেএ