গাজীপুরে আব্দুল্লাহ (২২) নামে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ৩টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

অপহৃত আব্দুল্লাহ গাজীপুরের পশ্চিম ভূরুলিয়া মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিভিল) চূড়ান্ত বর্ষের ছাত্র এবং একই এলাকার মো. আসলামের ছেলে।

এ ব্যাপারে শনিবার রাতে অপহৃতের বাবা মো. আসলাম জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অপহৃতের বাবা আসলাম জানান, তিনি সপরিবারে গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় বসবাস করেন।

শনিবার বেলা ৩টার দিকে আব্দুল্লাহ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রাত ৮টার দিকে তার ছেলের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় আব্দুল্লাহকে মেরে লাশ গুম করার হুমকি দেয়। পরে রাতে এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি আরো জানান, মুক্তিপণের টাকা চেয়ে রোববার সকালেও একাধিকবার ফোন করেছে অপহরণকারীরা।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই)আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে শনিবার রাতেই অপহৃতের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

কেএইচ