সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানার লোহাচড়া গ্রামের শমশের আলীর ছেলে সোহেল (২০) ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে শাহ আলম (১৯)। তবে দু’জনই পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ মার্চ দিনাজপুর থেকে নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি কোচ ঢাকা যাচ্ছিলো। রাত ৩টার দিকে কোচটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পৌঁছালে পুলিশ কোচটি থামিয়ে তল্লাশী চালায়।

এ সময় সোহেল, শাহ আলম ও সাইফুল ইসলাম নামে ৩ যাত্রীর দেহ তল্লাশি করে ১২ লিটার ফেনসিডিল পাওয়ায় তাদের আটক করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালত সোহেল ও শাহ আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই রায়ে অপর আসামি সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ