বেসরকারি প্রতিষ্ঠানে কোভিড-১৯’র (করোনাভাইরাস) নমুনা পরীক্ষার সনদ নিয়ে যাওয়ায় ৩২ জন সৌদি আরব প্রবাসীর যাত্রা আটকে দিয়েছে সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ।
গতকাল (২৬ সেপ্টেম্বের) শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ৩২ জনকে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে এসভি ৩৮০৭ ফ্লাইট।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিদেশগামীদের জন্য সরকার অনুমোদিত যে ১৬টি প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে করোনার নমুনা পরীক্ষা করে সনদ নিয়ে আসতে হবে। যে ৩২ জনকে রেখে ফ্লাইটটি ছেড়ে গেছে তাদের সবাই অননুমোদিত স্থান থেকে সনদ নিয়ে এসেছিলেন। তাই তাদের বোর্ডিং পাস দেওয়া হয়নি।”
তাহলে ওই ৩২ জনের সৌদি আরব যেতে পরবর্তী পদক্ষেপ কী হবে?
এমন প্রশ্নে শাহরিয়ার সাজ্জাদ বলেন, “এটা আমি জানি না। এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ। তবে এই ব্যাপারে বিদেশগামীদের সতর্ক থাকা উচিত। সরকার অনুমোদিত স্থান থেকে নমুনা পরীক্ষা করাতে হবে। মনে রাখতে হবে, যাতে একটি ভুলের কারণে তাঁর বিদেশ যাওয়া আটকে না যায়।”
এমবি





