সারাদেশের ন্যায় শেরপুরের বিভিন্ন মহাসড়কে ভটভটি, করিমন-নসিমন এবং লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ করে দেয়ার কারণে ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা বুধবার সকাল থেকে জেলা সদরের সব সড়কে অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয়। ফলে দুর্ভোগে পড়ে অফিসগামী সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা।

বিশেষ করে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। দুর দুরান্তের শিক্ষার্থীদেরকে অটোরিক্সা বা অন্য কোন যান না পেয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পায়ে হেটে এসে পরীক্ষা কেন্দ্র আসতে হয়েছে। অনেক শিক্ষার্থীকে দেখা গেছে দৌড়ে পরীক্ষা কেন্দ্রে পৌছানোর চেষ্টা করছে। কেউ কেউ পরীক্ষা শুরু হওয়ার প্রায় অধ ঘন্টা পর কেন্দ্রে ঢুকেছে।

বেলা ১২ টার দিকে শহরের শত শত অটো চালক নি:শর্তভাবে শহরে অটোরিক্সা চালানোর দাবীতে বিক্ষোভ-মিছিল করেন। এসময় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করেন।

অটোরিক্সা চালকরা জানান, আমাদেরকে পুলিশ অন্যায়ভাবে অটোরিক্সা থেকে ব্যাটারি খুলে নেয়ায় আমারা অটোরিক্সা চলচল বন্ধ করে দিয়েছি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  মাজহারুল করিম জানান, সারাদেশের ন্যায় ওপরের সিদ্ধান্ত মানতেই মহাসড়ক থেকে অবৈধ যানবাহন আটক করা হয়েছে। তবে শহরে চলাচলকৃত অটোরিক্সা বা অন্য কোন যানবাহন চলাচলে বাধা প্রদান করা হয়নি।

জেআই