পুণ্যস্নান করতে আসা নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা করে দেওয়া হচ্ছে। লাঙ্গলবন্দে পুণ্যস্নান উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আয়োজিত শোক সভায় এমন ঘোষণা দেওয়া হয়।

ধর্মমন্ত্রী মতিউর রহমান সভায় নিহতদের শহীদ উল্লেখ করে পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। আর স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান নিহতদের পরিবার প্রতি তার ব্যবসায়ী সংগঠনের নেতাদের মাধ্যমে ৪৫ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেন।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এমপি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐকজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, ক্লথ মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, ব্যবসায়ী নিরজ্জন সাহা, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।

শোক সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে লাঙ্গলবন্দ তীর্থস্থান নিয়ে স্নান উদযাপন পরিষদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সেগুলো সংসদ সদস্য সেলিম ওসমান ধর্মমন্ত্রীর হাতে তুলে দেন।

জেআই