গাজীপুরের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি ট্রাক রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।
রোববার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- হাছেন আলী (৫৫), তার ছেলে জোনায়েত (সাত মাস) ও বিশ্ব ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন (৫২), নার্গিস আক্তার (৩৫) ও জিমি (২)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, রোববার দুপুর দেড়টার দিকে চকপাউডার ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঝালমুড়ি ও মুদির দোকানে ঢুকে পড়ে।
এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ঝালমুড়ি বিক্রেতা হাছেন আলী, মোসলেম উদ্দিন, নার্গিস আক্তার ও জিমি নিহত হন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে জোনায়েতকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসএইচ





