গাজীপুর শহরের নাওজোড়ে কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেগুনার চালক গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার হযরত আলীর ছেলে সাইদুর (২০), মনি বেগম (২৬) ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছোটসিবা গ্রামের আব্দুল বাশারের ছেলে সোহেল মিয়া (২৮)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন এলাকার কেয়া কসমেটিকস কারখানার চাকুরি করতেন। নিহত অপর পুরুষের (৩৫) পরিচয় জানা যায়নি।
সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাহার আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঢাকাগামী পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীতগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার চালকসহ তিনজন মারা যান। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত পরিচয় আরেক পুরুষ যাত্রীর মৃত্যু হয়।
আহতরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের দিঘীরচালা এলাকার জালাল উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), চান্দনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুল কুদ্দুস (২৪), টঙ্গীর কামাল উদ্দিনের ছেলে মামুন (২৫), বোর্ডবাজার এলাকার তমির (২৮), রফিক উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম (৩৫) ও অজ্ঞাত মহিলা (৩০)।
এদের মধ্যে এনামুল, তমির ও আব্দুল কুদ্দুসকে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর তিনজন গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান বাহার আলম।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ রেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের ধাক্কায় টেম্পুর ৮ আরোহীসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়।
কেএইচ/এমআর





