স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “কয়েকদিন ধরে যারা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।”
সামাজিক অনুষ্ঠান ও মানুষের বেপরোয়া চলাফেরার কারণে করোনার সংক্রমণ বাড়ছে বলেও মনে করেন তিনি।
শনিবার (১৩ মার্চ) সকালে অনুষ্ঠিত দলীয় নেতাকর্মীদের এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। দেশে করোনার সংক্রমণের হার বেড়ে চলছে। এর আগে দুই শতাংশে নেমেছিল, এবার সাড়ে ৬ শতাংশে উঠেছে। হাসপাতালে প্রায় ৫০০ রোগী বৃদ্ধি পেয়েছে এবং অনেক রোগীর অবস্থা ভালো নয়।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “আমি আপনাদের সবাইকে আহ্বান করব, এ বিষয়ে আমাদের এখনই সজাগ হওয়া দরকার। বেপরোয়াভাবে ঘোরা উচিত নয়। নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেখানে জনসমাগম বেশি, সেই জায়গায় যাবেন না এবং অনুষ্ঠান সীমিত করবেন। পারলে অনুষ্ঠান করবেন না।”
জাহিদ মালেক বলেন, করোনার প্রথম ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে।
এমবি





