চট্টগ্রাম মহানগরীর রেয়াজউদ্দিন বাজার যমুনা মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে দুটি গোডাউনে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে তাৎক্ষনিক সাজা প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে যমুনা মার্কেটের তৃতীয় তলায় জনৈক আরমান ও রুবেলের গোডাউনের হানা দেয়। এসময় গোডাউনে মজুদ করে রাখা প্রায় ৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এই সময় আরমান স্টোরের ম্যানেজার সিরাজুল ইসলাম এবং শাহ আমানত নামের অপর একটি পলিথিন বিক্রয়কারী দোকানের ম্যানেজার সাইফুল ইসলামকে আটক করে ম্যাজিট্রেট।
পরে এই দুইজনকে জরিমানা করে শাস্তি দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা।
জেআই





