কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্য দিবালকে আগুন দিয়ে ১২টি ঘর পুড়িয়ে দিয়েছে সরকারদলীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ওই এলাকার মামুন গাজী নামে এক আওয়ামী লীগ কর্মী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গোপালপুর গ্রামের জিহাদ মেম্বর, হাফেজ মুকাদ্দেস ও সাহাদাহ’র বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।

এতে জিহাদ মেম্বরের ৬টি ঘর, হাফেজ মুকাদ্দেসের ৬টি ঘর ও সাহাদাহ হোসেনের ১টি ঘর সম্পুর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্র আনে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন আগুনে ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, গত ৩০ জুন কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মামুন গাজী (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা। উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন গাজী মিরপুর উপজেলার গোপাল পুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর