কক্সবাজারের উখিয়ায় শনিবার সন্ধ্যায় সেনা সদস্যদের শীতকালীন মহড়ার সময় কামানের গোলা বিস্ফোরণে একজন সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত সেনা সদস্যের নাম মো. ইব্রাহিম খলিল।
সেনাবাহিনীর রামুর ১০ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানান, ইব্রাহিম কর্পোরেল পদমর্যাদার সেনা সদস্য। এই ঘটনায় আহতরা হলেন লেন্স নায়েক হাবিব, সার্জন রাসেল ও কর্পোরেল হুমায়ুন। সেনাবাহিনীর নিয়মিত মহড়াকালে কামানের গোলাভর্তি করতে গিয়ে ওই বিস্ফোরণ হয়।
রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের উদ্দেশ্যে পাঠানোর প্রক্রিয়া চলছিল। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদুর জাম্মান মুরাদ জানান, নিহত ইব্রাহিম খলিলের লাশ কক্সবাজার সদর হাসপাতারের মর্গে ছিল।
কামানের গোলা বিস্ফোরণে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে ওই কর্মকর্তা নিহত সেনা সদস্যের নাম নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন বিষয়টি তারা প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানাবেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবীবুর রহমান বলেন, একজন নিহত ও তিনজন আহতের কথা স্থানীয় লোকজনের কাছে আমি শুনেছি। তবে সেনবাহিনীর বিষয়ে কোনো তথ্য দেয়া আমার এখতিয়ার বহির্ভূত। তাই আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
এআই





