নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া, চুক্তি লঙ্ঘন করে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন সংশোধনে সরকারের উদ্যোগ নেয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় থেকে মিছিলটি বের করে। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, বরকল উপজেলা চেয়ারম্যান মনি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদিকা রমিতা চাকমা প্রমুখ।
বক্তারা পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক সকল কার্যক্রম বন্ধ রেখে পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
জেআই





