‘পুলিশ একা কেন মার খাবে? সাংবাদিক বাদ যাবে কেন? তোদেরকেও মার খেতে হবে।’

এ কথা বলে চট্টগ্রামে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।

সোমবার বিকালে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে একটি দোকানে আশ্রয় নেন চার সাংবাদিক। এ সময় পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা করে।

পুলিশের লাটিপেটায় আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চট্টগ্রাম অফিসের প্রতিবেদক সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ফটো সাংবাদিক রায়হান, চ্যানেল নাইনের ক্যামেরা পারসন নুর হাসিব ইফরাজ ও তামিম মাহমুদ।

আহত সাংবাদিকরা জানান, পুলিশ সাংবাদিক পরিচয় দেয়ার পর ইচ্ছাকৃতভাবেই হামলা চালিয়েছে। তারা আরো জানান, নগরীর কাজীর দেউরী এলাকায় বিএনপির সমাবেশে দায়িত্ব পালনের সময় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

এই সময় উক্ত স্থানে কর্তব্যরত চার সাংবাদিক সড়কের পাশে এক দোকানে ঢুকে আশ্রয় গ্রহণ করেন। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে পুলিশ অবস্থান নিয়ে ওই চারজনকে দোকান থেকে বের করে নিয়ে আসে।

এই সময় কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিকদের দিকে অস্ত্র তাক করে এগিয়ে আসেন। সাংবাদিকরা তাদের পরিচয় দিলে এক পুলিশ সদস্য মন্তব্য করেন- ‘তোরা এইখানে কি করছ? পুলিশ একা কেন মার খাবে? সাংবাদিক বাদ যাবে কেন? তোদেরকেও মার খেতে হবে।’

এই বলে সাংবাদিকদের কলার ধরে লাটিপেটা করার পাশাপাশি বুট দিয়ে লাথি মারে। সাংবাদিকদের মারধর করে মনের ক্ষোভ মিটিয়ে পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর স্থান ত্যাগ করে।

জেডআই