পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী নগরীর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সামনে বোমা হামলায় দুই জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নগরীর রাজপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে সোহেল(২৭) ও আনিসুর রহমানের ছেলে শিশির(২৬)।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বোমার আঘাতে সোহেলের বাম হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন ও শিশির বুকে আঘাত পেয়েছেন।
স্থানীয়রা জানান, ভেড়ীপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী রফিকের ছেলে রাকিবের সঙ্গে শিশির ও সোহেলের শত্রুতা ছিলো।
শনিবার রাতে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সামনের রাস্তায় রাকিব তাদের দুইজনকে এক সঙ্গে পেয়ে পরপর দুইটি হাত বোমা ছুঁড়ে মারে।
এতে একটি বিস্ফোরিত হয়ে সোহেলের বাম হাত ও শিশিরের বুক গুরুতর জখম হয়। এ ঘটনার পরে রাজপাড়া ও ভেড়ীপাড়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মোহাম্মদ এরফান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমটিসহ যে বোমটি বিস্ফোরণ হয়নি সেইসব আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত রাকিবকে ধরতে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





