চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি ও কার্পাসডাঙ্গা কলেজের প্রভাষক মকছেদুল হাসানের মটর সাইকেল জব্দ এবং প্রতিনিয়ত সাধারণ জনগণকে অহেতুক পুলিশি হয়রানির প্রতিবাদে ও পুলিশ সুপার রশীদুল হাসান এবং সদর থানার ওসি লিয়াকত হোসেনের অপসারণের দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ডাকে জেলায় ছাত্র ধর্মঘট ও সড়ক অবরোধ করা হয়।
শনিবার রাত ২টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত একটানা অবরোধের কারণে সাধারণ বাসযাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক জানান, পুলিশ গত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি ও প্রভাষক মকছেদুল হাসানের মটরসাইকেল অন্যায়ভাবে জব্দ করা এবং গত ১০ দিন ধরে সাধারণ মানুষকে অন্যায়ভাবে থানায় ধরে নিয়ে গিয়ে ৫/১০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ৩৪ ধারায় চালান করার প্রতিবাদে এই ধর্মঘট পালন করা হয়।
এ ছাড়া পুলিশের এসব হয়রানিমূলক কর্মকাণ্ডের সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। পুলিশের এসব অনৈতিক কর্মকাণ্ডে প্রতিবাদে এবং বর্তমান পুলিশ সুপার রশীদুল হাসান ও সদর থানার ওসি লিয়াকত হোসেনের অপসারনের দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠন শনিবার রাত ২টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত একটানা ছাত্র ধর্মঘট ও সড়ক অবরোধ পালন করে।
এ কারণে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে আন্তজেলা ও ঢাকাগামী কোনো যানবাহন সকাল সাড়ে ৭টা পর্যন্ত ছেড়ে যেতে পারেনি।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ও চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমকে





