নীলফামারীর জলঢাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পরই প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ইফতারের পরে জেলা যুবলীগের সদস্য ও উপজেলার কৈমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদার রহমান লেলিন পৌর শহরের জিরো পয়েন্ট মোড়ে আসেন। এসময় পৌর যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম পিকুর সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কথা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে পরবর্তীতে তা হাতাহাতির পর্যায়ে যায়।

এ ঘটনার পর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ঘটনাস্থলে এলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে শ্রমিক লীগ নেতা শাহিনুর রহমান প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। অবরোধ চলাকালে ওই সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ওই সড়ক দিয়ে ইফতার মাহফিল থেকে ফেরার পথে শ্রমিকদের তোপের মুখে পড়েন। তিনি ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে জেলা যুবলীগ সদস্য সারোয়ার হোসেন জানান, জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য উপজেলা যুবলীগ সভাপতি একের পর এক যুবলীগ কর্মীদের নির্যাতন ও লাঞ্ছিত করে যাচ্ছেন।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ