আসন্ন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা এ বিষয়ে আগামী ১৯ এপ্রিল সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পশ্চিম পাশে ‘হল টুয়েন্টিফোর’ কনভেনশন সেন্টারে শনিবার সকাল সোয়া ১১টায় চসিক নির্বাচনে প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
চসিক নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করার আহ্বানও জানান সিইসি।
তিনি বলেন, বিভিন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ ফলাফল মেনে নেওয়ার মানসিকতা চট্টগ্রামবাসীর রয়েছে। এ ব্যাপারে আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনোরকম হস্তক্ষেপের প্রয়োজন হবে না।
‘তার পরও যদি প্রয়োজন হয়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করার নির্দেশ দিচ্ছি,’ বলেন তিনি।
সিইসি বলেন, চসিক নির্বাচনে চাঁদরাতে টাকা বিলি কিংবা ভোটবাক্স ছিনতাইয়ের মতো অভিযোগ যাতে রোধ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘ভোটাররা যেন উপযুক্ত প্রার্থী বেছে নিয়ে ভোট দিতে পারেন সে ব্যাপারে ভোটারদের সার্বিক সহযোগিতার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি,’ যোগ করেন সিইসি।
মতবিনিময় সভায় মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ ও পরামর্শ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার বিকালেই ঢাকায় ফেরার কথা রয়েছে সিইসির।
চসিক নির্বাচনে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থীসহ সর্বমোট ২৮৭ জন লড়ছেন।
এবার ১৮ লক্ষ ২২ হজার ৮৯২ জন ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ৭১৯টি এবং চার হাজার ৯০৬টি বুথে ভোটগ্রহণ হবে।
তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক নির্বাচন অফিসের রিটার্নিং অফিসার আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ জেলা রিটার্নিং অফিসার আব্দুল বাতেন এবং সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ২৮৭ প্রার্থী ও তাদের এজেন্ট।
এআর/এসএইচ





