খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার অন্তর্গত উল্টাছড়ি গ্রামে যুবলীগের এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত দাবি করে প্রতিপক্ষকে দোষারোপ করছে ক্ষতিগ্রস্তের স্বজন ও রাজনৈতিক সমর্থকরা।

প্রত্যক্ষদর্শী উল্টাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ফজলুর রহমান মুঠোফোনে জানান, আগুন দেখে শফিকুর রহমানের বাড়ির সামনে যায়। স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানোর আগেই বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

গত বুধবার পানছড়ি সদরে সন্ত্রাসীদের হামলায় শফিকুর রহমান আহত হওয়ার পর থেকে তার মা খাগড়াছড়ি সদর হাসপাতালে ছিল। এতে করে অগ্নিকাণ্ডের ঘরের মালামালসহ ছাগল, হাঁস-মুরগী সব অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

এ বিষয়ে পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদ জানান, উপজেলা আওয়ামীলীগের বহিস্কৃত নেতা আবু তাহেরের নেতৃত্বে সন্ত্রাসীরা গত বুধবার বিকেলে পানছড়ি বাজারের সিএনজি স্টেশনে উপজেলা যুবলীগের নেতা শফিকুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় তাহেরের সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে বৃহস্পতিবার রাতে শফিকের বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে আবু তাহের জানান, রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মেম্বারের লোকজন তার বিরুদ্ধে দোষ চাপাচ্ছে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা এলাকায় এসেছি। অভিযোগ ফেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জেড