মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গ্যাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও টেম্পুর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন টেম্পু চালক উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামের জনাব আলীর ছেলে সুজন (২৮) ও যাত্রী উপজেলার সদরের কাশিমনগর গ্রামের পিয়ার আলীর ছেলে মেহের আলী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মানিকগঞ্জগামী টেম্পুর সঙ্গে বিপরীতদিক থেকে আসা ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ছয়জন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে বেলা ১টার দিকে সুজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বেলা দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেহের আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে