ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২ ছিটমহলে যৌথ জরিপ শুরু হবে ৬ জুলাই থেকে। তা শেষ হবে ১৬ জুলাইয়ের মধ্যে। ছিটমহল বিনিময় বাস্তবায়নে যৌথ জরিপ কার্যক্রম সম্পন্ন করতে দু'দেশের জেলা প্রশাসক পর্যায়ের সম্মেলনে এ সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের হলরুমে বাংলাদেশের জেলা প্রশাসক-ভারতের জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ। প্রতিনিধি দলে লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারীর জেলা প্রশাসক, ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের কাউন্সিলর আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ, বিজিবি, পরিসংখ্যান ব্যুরো ও ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পশ্চিম বঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) পি উলাগানাথন।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, সম্মেলনে ছিটমহল বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ১৬২টি ছিটমহলে আগামী ৬ জুলাই থেকে দু’দেশের পক্ষ থেকে যৌথ জরিপ শুরু হবে এবং শেষ হবে ১৬ জুলাই।
জেআই





