দিনাজপুর পৌরসভা নির্বাচনের এখনো তফসিল ঘোষানা না হলেও এরই মধ্যে সম্ভব্য মেয়র প্রার্থীদের ব্যপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
দেয়ালে দেয়ালে পোষ্টার ফেস্টুনে ভরে গেছে পৌর এলাকার রাস্তাঘাট। সবার মুখে একটাই শ্লোগান, আগামী পৌর নির্বাচনে আপনাদের দোয়া চাই।
মাঝে মধ্যে কেউবা আবার মোটরসাইকেলের বহর নিয়ে সো-ডাউন দিচ্ছে। কয়েক দিন ধরে নানা কায়দায় ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে প্রার্থীরা। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
দিনাজপুর পৌরসভায় এবারের নির্বাচনে যাদের নাম পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে রয়েছেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়ব উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর বজলুল হক ও সাবেক পৌরমেয়র সফিকুল হক ছুটু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী তাজ-উল-শামস্ প্রিন্স।
বিএনপি থেকে মেয়র পদে রয়েছেন বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ দল থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান জুয়েল মেয়র পদের জন্য লবিং করছেন।
জামায়াত ইসলামীর থেকে মেয়র পদে লড়ছেন জামায়াত নেতা ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাইনুল আলম। জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল প্রার্থী ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া সাবেক মেয়র ও ওয়ার্কাস পার্টির নেতা সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ও জেলা জাগপার সভাপতি রকিব উদ্দিন চৌধুরী মুন্না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান কাউন্সিলর ফয়সাল হাবিব সুমন ও সাবেক প্যানেল মেয়র আলতাফ উদ্দীন মেয়র পদের প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন।
এসএইচ





