সিলেটে ২ কোটি টাকা সমমূল্যর হেরোইন আটক করেছে সিলেট কাস্টমস কর্তৃপক্ষ। এ হেরোইন পাকিস্তান থেকে আসছে বলে জানা যায়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট কাস্টমস অফিস থেকে পাঠানো এক সংবাদ বিষয়টি জানানো হয়েছে।
সিলেট ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পাকিস্তানের লাহোর থেকে বিশেষ পদ্ধতিতে প্যাকেট করা এ হেরোইন চালান আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পার্সেলটি সিলেটের ফেঞ্চুগঞ্জের আশু ঘোষাই নামক এক ব্যক্তির নামে এসেছিল। এতে মোবাইল নম্বর লেখা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আড়াইটার দিকে ওই পার্সেলটি খুলে তল্লাশি চালায় কাস্টমস কর্তৃপক্ষ। পার্সেলে কাপড়ের ব্যাগের মধ্যে ১০টি লেডিস ব্যাগে ২ কেজি ৮০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
ওই লেডিস ব্যাগগুলোতে পলিথিনের ১৭০টি প্যাকেটের মধ্যে হেরোইন রাখা ছিল। আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
আটককৃত হেরোইন পাউডার পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরকে নমুনা সংগ্রহের জন্য পত্র প্র্রেরণ করা হয়েছে।
আটককৃত হেরোইন কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএইচ





