রানা প্লাজায় হতাহতদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে মিছিল করায় পুলিশ বাধা দিয়েছে। শ্রমিকদের মিছিল বিজিএমইএ ভবনের দিকে যেতে চাইলে পুলিশ কদম ফোয়ারার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে "গার্মেন্টস শ্রমিক আন্দোলন"।
এসময় বক্তারা বলেন, রানা প্লাজা ধসে নিহতদের পরিবারকে আইএলও এর ১২১ ধারা অনুসারে ‘লস অফ ফিউচার আর্নিং ও পেইন অ্যান্ড সাফারিংস’ নীতিমালায় দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হওয়া রানা প্লাজার ফান্ডের এত টাকা কোথায় গেলো? ক্ষতিপূরণসহ সার্বিক পূনর্বাসনের জন্য ‘কমপেনসেশন ট্রাস্ট ফান্ড’ এর আলোকে  ৪০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ শ্রমিকদের দিতে হবে। যা সরকার, ব্রান্ডস, বায়ার, বিজিএমইএ ও কারখানা মালিকদের পরিশোধ করতে হবে। তাই আগামী কালের মধ্যে রানা প্লাজা ট্রাস্ট ফান্ডে ক্ষতিপূরণের টাকা জমা দেয়ার আহবান জানান বক্তারা।
শ্রমিক নেতা সুজন ঘোষের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রানা প্লাজা ধসে আহত শ্রমিক শিউলি আকতার, সংগঠনের কেন্দ্রীয় নেতা জিয়াউল কবির খোকন, কেএম মিন্টু, রুহুল আমিন, আহসান হাবিব লাভলু প্রমুখ।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]